আমদানি বাড়ায় খুলনার বাজারগুলোতে শীতের সবজির দাম কমতে শুরু করেছে। নিরালা, ময়লাপোতা সন্ধ্যা বাজার ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
শীতের সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে ফুলকপি, বাঁধাকপি, সিম, পেঁয়াজকলি, কাঁচামরিচ ও আলুর। তবে মাছ ও মাংসের দাম এখনো চড়া রয়েছে।
বাজারের ব্যবসায়ীদের দেওয়া তথ্যানুযায়ী, প্রতি কেজি বেগুন ৫০–৬০ টাকা, ফুলকপি ২৫–৩০ টাকা, পাতাকপি ২৫–৩০ টাকা, সিম প্রকারভেদে ৩০–৫০ টাকা, পেঁপে ৩০–৩৫ টাকা, মুলা ৩০–৪০ টাকা, ধুন্দুল ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫–৪০ টাকা, উচ্ছে ১০০ টাকা, কাঁচামরিচ ৭০–৮০ টাকা, আলু ২০–৩০ টাকা, পেঁয়াজ ৮০–৯০ টাকা এবং রসুন ৮০–১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিম, মাছ ও মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই। সাদা ডিম প্রতি হালি ৩৬–৪০ টাকা এবং লাল ডিম প্রতি হালি ৪০–৪২ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ইলিশ মাছ আকারভেদে ৮৫০–১৪০০ টাকা, হরিণা, চাকা ও চালি চিংড়ি ৫৫০–৬৫০ টাকা, বাগদা চিংড়ি ৮০০–১২০০ টাকা, গলদা চিংড়ি ৯০০–১২০০ টাকা, দেশি কই মাছ ১০০০–১২০০ টাকা, শিং মাছ ৯০০–১২০০ টাকা, ভেটকি ৫৫০–৭০০ টাকা, রুই ২৫০–৩৫০ টাকা, কাতলা ৩০০–৩৫০ টাকা, তেলাপিয়া ১৮০–২০০ টাকা এবং পাঙাশ ২০০–২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ব্রয়লার মুরগি ১৪০–১৫০ টাকা, কক ও সোনালি মুরগি ২৩০ টাকা, গরুর মাংস ৭০০–৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০–১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা মাদ্রাসা শিক্ষক মো. সুলাইমান হুসাইন হেলালি বলেন, শীতের মৌসুমি সবজির দাম কমেছে। কিছুদিন আগেও এসব সবজির দাম অনেক বেশি ছিল। দুই থেকে তিনশ টাকার বাজারে তেমন কিছু পাওয়া যেত না। এখন একই টাকায় ব্যাগ ভরে যায়।
নিরালা বাজারের সবজি বিক্রেতা সুমন বলেন, পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। উৎপাদনও ভালো হয়েছে। সামনে দাম আরও কমতে পারে।
বাজার করতে আসা নারী উদ্যোক্তা মোসা. রুবি বেগম বলেন, অনেক সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। সারা বছর এমন দাম থাকলে সাধারণ মানুষের জন্য খুবই স্বস্তির হতো।
ব্যাংক কর্মকর্তা তমিজ উদ্দিন বলেন, আগে মাছ-মাংসের মতো সবজি কিনতেও হিসেব করে বাজার করতে হতো। এখন সবজির দাম কমায় সে চাপ নেই। তবে মাছ-মাংসের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম কমলে পুষ্টিকর খাবার আরও নিয়মিত খাওয়া সম্ভব হতো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন