কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) সকালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার নদীর মোহনায় ভেসে আসা মরদেহটি প্রথমে স্থানীয়দের নজরে আসে।
স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের প্রস্তুতির জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে নদীতীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা নদীর মোহনায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারে ভেসে মরদেহটি ওই এলাকায় এসে পৌঁছায়। মরদেহের পকেটে থাকা দুটি মোবাইল ফোন পুলিশ হেফাজতে নিয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনে থাকা সিমকার্ডের তথ্য যাচাই করে প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে নিহতের প্রাথমিক পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছৈয়দ নুরের ছেলে।
রামু থানার ওসি মুনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যৌথভাবে কাজ করছে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন