ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, জামাতা-মেয়ে গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:২৫ এএম
গ্রেপ্তার মেয়ের জামাই । ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মেয়ের জামাই ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে দ্রুত ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিক অভিযানের নির্দেশ দেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে বান্দরবান সদর থানা পুলিশ অভিযুক্ত জামাতা ও মেয়েকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা গেছে, বাদী বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদক। তিনি সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত বান্দরবান সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক এবং তিনি বাদীর ছোট মেয়ের স্বামী।

গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাদী নিজ বসতবাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা তার একটি গোপন ভিডিও প্রদর্শন করে। এ সময় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করেন মেয়ের স্বামী। টাকা না দিলে ভিডিওটি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।

অভিযোগে বাদী আরও জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাতা ওই ভিডিওকে পুঁজি করে নিয়মিত ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।



পুলিশ অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে, যেখানে অভিযোগে উল্লিখিত গোপন ভিডিওটি পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত ও তার সহযোগী স্ত্রীকে আটক করা হয়েছে। বাদী এজাহার দায়ের করেছেন। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।