শরীয়তপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন