চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম তানজিল (১৫)। তিনি আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল স্কুলপাড়ার তোহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে তানজিল তার বোনের বাড়ি উপজেলার নাগদাহ গ্রাম থেকে নিজ বাড়ি বন্ডবিলে ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহত কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন