বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে লালমনিরহাট রেলস্টেশনে অচলাবস্থা সৃষ্টি হয় এবং শত শত সাধারণ যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েন। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে বিকেল ৪টার দিকে অবরোধ স্থগিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে অংশ নেওয়ার জন্য লালমনিরহাট জেলা বিএনপি একটি বিশেষ ট্রেনের আবেদন করেছিল। ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জমা হলেও দীর্ঘ সময় কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
২২ ডিসেম্বর রাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দাবি করে মঙ্গলবার সকালে আন্দোলনে নামেন নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ লালমনিরহাট রেলস্টেশনে জড়ো হন। তারা ঢাকাগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সামনে রেললাইনে বসে ও শুয়ে বিক্ষোভ শুরু করেন। এতে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্টেশনের উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, আমরা ভাড়ার বিনিময়ে নিয়ম মেনে বিশেষ ট্রেন চেয়েছিলাম। তিন দিন টালবাহানা করার পর শেষ মুহূর্তে আবেদন বাতিল করা হয়েছে। এটি গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ।
অবরোধের কারণে ট্রেন আটকে থাকায় অসুস্থ রোগী, পরীক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চরম বিপাকে পড়েন। এক ভুক্তভোগী যাত্রী বলেন, আমার সন্তানের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। সঠিক সময়ে ঢাকা পৌঁছাতে না পারলে তার এক বছর নষ্ট হয়ে যাবে। সাধারণ যাত্রীদের কেন এই দুর্ভোগের শিকার হতে হবে?
রেলওয়ের লালমনিরহাট ডিআরএম কুড়িগ্রাম জেলায় পরিদর্শন কাজে থাকায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান।
বিকেল ৪টার দিকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বিশেষ ট্রেন বরাদ্দের বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধ তুলে নেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন