প্রেমের টানে চীন থেকে চাঁদপুরে আসা এক চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গেছে, ১৭ বছরের এক কিশোরীকে সঙ্গে নিয়ে আবাসিক হোটেলে অবস্থান করায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে ঘটে। চীনা নাগরিকের নাম ফাং জিং লং (৩৭)। তার সঙ্গে থাকা কিশোরীর একই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর কিশোরী বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি হোটেলে ওই চীনা নাগরিকের সঙ্গে অবস্থান করছেন। এ ঘটনায় কিশোরীর মা ২২ ডিসেম্বর রাতে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর পুলিশ নিরাপত্তার স্বার্থে দুজনকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় এক বছর আগে মুঠোফোনের একটি অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর আহ্বানেই চীনা নাগরিক বাংলাদেশে আসেন বলে জানান তারা।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বুধবার রাতে জানান, চীনা নাগরিককে নিজ দেশে ফিরে যাওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

