ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুসলিম হওয়ায় বাংলাদেশে জোরপূর্বক পুশইনের অভিযোগ ১৪ ভারতীয়র

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:৩৬ এএম
কুষ্টিয়া সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশব্যাক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানো (পুশইন) ১৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত (পুশব্যাক) পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর সীমান্তে ৪৭ বিজিবির তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এই পুশব্যাক প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ওই ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইন করে। এ ঘটনার পর বিজিবি তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে কড়া অবস্থান নেয়। পরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের কমান্ডেন্ট প্রেমপাল সিংয়ের উপস্থিতিতে রোববার দুপুরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, পুশইন হওয়া ১৪ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের একজন জব্বার আলী বলেন, তারা সবাই ভারতের ওড়িশা রাজ্যের জগশ্বরপুর জেলার বাসিন্দা। তাদের কাছে থাকা আধার কার্ড ও নাগরিক পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে। শুধু মুসলিম পরিচয়ের কারণে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জব্বার আলী বলেন, বাংলাদেশে তাদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ নেই।

রৌমারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে পুশইন

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে রোববার ভোরে আরও তিনজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৯ নম্বর এলাকার কাছ দিয়ে কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইন করে।

পুশইন হওয়া ব্যক্তিরা হলেন—আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার আয়েশা বেগম, একই জেলার রুস্তম আলী এবং ইদ্রিস আলী। তারা দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানিগ্রাম–বাগেরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতের নাগরিক বলে জানান।

গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মানিক মিয়া বলেন, তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৫ জন পুশইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়েও বিএসএফ পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। রোববার সকালে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিভিষণ বিওপির আওতাধীন এলাকা থেকে তাঁদের আটক করে বিজিবি।

১৬ বিজিবির বিভিষণ বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, আটক পাঁচজনের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। তাঁদের বাড়ি নড়াইল জেলায়। অন্য একজনের বাড়ি বাগেরহাটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আটক ব্যক্তিদের বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে গত ১৪ ডিসেম্বর একই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি।