কুমিল্লার চৌদ্দগ্রামে থানার ভেতরে ঢুকে এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বাহাদুর হোসেন বাদল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাদল থানা এরিয়ায় একাধিক গরু নিয়ে ঢুকলে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম। অভিযুক্ত বাদল (১৯) চৌদ্দগ্রাম থানাসংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করতেন। এতে থানার ভেতরের বিভিন্ন ফলজ ও ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে একাধিকবার গরু নিয়ে থানার ভেতরে প্রবেশে নিষেধ করা হয়। কিন্তু পুলিশি নিষেধ অমান্য করে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তিনি আবারও একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন।
এ সময় কর্তব্যরত কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে থানায় প্রবেশ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা’র উল্টো পিঠ দিয়ে শরিফুল ইসলামের শরীরে একাধিক আঘাত করেন। একপর্যায়ে দা দিয়ে পুলিশ সদস্যের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
শরিফুল ইসলামের চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে থানার ভেতর থেকে অন্য পুলিশ সদস্যরা এসে হামলাকারী বাদলকে আটক করে থানা হেফাজতে নেন।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত কয়েক বছর ধরে অভিযুক্ত বাদল থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে আসছিল। বারবার নিষেধ করা হলেও সে তা অমান্য করে। সর্বশেষ গরু নিয়ে থানার মূল গেট দিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল ইসলাম তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে হামলা করে।’
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন