ঘন কুয়াশার কারণে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল স্থগিত করে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা পড়ায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতামূলকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বন্ধের আগে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
ঘাট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট। প্রতিদিন এই পথে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন পারাপার হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করে থাকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন