ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ভিক্ষার টাকায় কেনা স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকী রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২৯ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আবুল মুনসুর ফকির।
স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকির উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। ভিক্ষাবৃত্তি ও মানুষের সহায়তায় তার সংসার চলে।
আবুল মুনসুর ফকির বলেন, ‘অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন। তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি আগামীকালই আপিল করব।’
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর ফকির ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি চাইলে আপিল করতে পারবেন।’
এই আসনে ৯ জন প্রার্থীর মধ্যে মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাতের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের সমর্থন সঠিক না থাকা, হলফনামা অসম্পূর্ণ থাকা এবং দুটি মামলার তথ্য গোপন করার অভিযোগে তার মনোনয়নও বাতিল করা হয়।
উল্লেখ্য, এ আসনে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন