বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (৪ জানুয়ারি) সকালে এ আদেশ দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।
প্রসঙ্গত, এর আগে শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার (২ জানুয়ারি) থানায় বসে ওসি'র সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভর্নমেন্ট রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগ্বিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে? আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’
আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন