ঘন কুয়াশায় গাড়িচাপায় মাদারীপুরের সমাদ্দারে এনজিওকর্মী সুমন সরদার (৩১) নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটি এখনও উদ্ধার বা শনাক্ত করা যায়নি।
হাইওয়ে পুলিশ ও এনজিওকর্মীরা জানান, রোববার সকালে সুমন সরদার মোটরসাইকেলযোগে শরীয়তপুর থেকে রাজৈর ফেরার পথে সমাদ্দার এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে তাকে একটি গাড়ি চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তার পাশে পড়ে থাকলে বরিশাল থেকে ঢাকাগামী হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্য সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন