নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনে তারা এই অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন।
এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশের আশ্বাসে ৪০ মিনিট মহাসড়কে অবস্থানের পর সোয়া ৪টায় ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
মিছিল চলাকালে ব্যবসায়ীরা ‘বিদ্যুৎ চাই’, ‘বিদ্যুৎ চাই’, ‘বিদ্যুৎ দেন, ব্যবসায়ী বাঁচানসহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, গত ৯ দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, বিগত দিনে যারা মার্কেট মালিক সমিতির কমিটিতে ছিলেন, তারা দীর্ঘদিন ধরে মার্কেটের অর্থ লুটপাট করেছেন। বর্তমানে মার্কেটের ৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণেই ডিপিডিসি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব।
এই মার্কেটে ৩ হাজার দোকান রয়েছে। এসব দোকানে হাজার হাজার মানুষ জীবিকার সঙ্গে জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানান।
মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন এবং আশা করেন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ ছেড়ে দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন