চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মাছবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআইসংলগ্ন মাধবীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নছিমনের চালক জহুরুল হক গুরুতর আহত হন।
নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। আহত নছিমন চালক জহুরুল হক একই গ্রামের আবদুল মালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া এলাকা থেকে মাছবোঝাই একটি নছিমন নিয়ে আলমডাঙ্গার দিকে আসছিলেন চালক ও ব্যবসায়ী। মাধবীতলা এলাকার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে নঠিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নছিমনটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী মোহাম্মদ আলী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
আলমডাঙ্গার মুন্সীগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন