বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলিগাতী বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চিতলমারী থানার ৪ নম্বর বিটের আওতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিট অফিসার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিক ও এসআই মো. শাহীন আলম।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে সময় মতো তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারে। ‘আপনার পুলিশ আপনার পাশে’ এই স্লোগান বাস্তবায়নে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ কর্মকর্তারা বিট পুলিশিংয়ের উদ্দেশ্য তুলে ধরে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এ ছাড়াও নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।



