ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে ১২৬ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:৫৩ পিএম
রাজশাহীতে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি- সংগৃহীত

রাজশাহীতে ১২৬ কেজি গাঁজা, নগদ টাকা ও বিপুল পরিমাণ লবণসহ এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটে র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের চৈতী মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযানে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তল্লাশি করে ট্রাকের ভেতর থেকে ১২৬ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৫০০ টাকা এবং ১৩ হাজার কেজি লবণ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে আটককৃত আসামির নাম মো. হাসানুর রহমান (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন তিনি।

র‌্যাব আরও জানায়, আটককৃত আসামি একটি সুপরিকল্পিত চক্রের সদস্য, যারা পণ্যবাহী ট্রাকে লুকিয়ে মাদক পরিবহন করে থাকে। আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।