নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় অটোরাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশাকান্দা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফুর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, জীবন কুমার সাহার মালিকানাধীন একটি অটোরাইস মিলে তারা কাজ করতেন। শনিবার বিদ্যুৎ না থাকায় মিল বন্ধ ছিল। বিকেলে সাত থেকে আটজন শ্রমিক পাশের রেললাইনে ঘুরতে যান ও ছবি তোলেন।
শ্রমিক আতাউর রহমান ও মাহফুজ হাসান জানান, অসুস্থ বোধ করায় রাসেল ও আকাশ আগে ফিরে যাওয়ার কথা বলে চলে যান। কিছুক্ষণ পর মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর রেললাইনের পাশে তাদের জুতা পড়ে থাকতে দেখে অন্যরা এগিয়ে যান। পরে দেখা যায় ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হয়ে পড়ে আছেন।
তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, সন্ধ্যা ৭টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয় এবং পরীক্ষা-নিরীক্ষায় তাদের মৃত পাওয়া যায়।
এ বিষয়ে চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি বলেন, দিনভর বিদ্যুৎ না থাকায় শ্রমিকরা বাইরে বের হয়েছিলেন। ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন