সৌদি আরবে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সৈয়দ আহমেদ বিল্লাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১১ জানুয়ারি) সকালে নিহতের চাচা বারবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রোববার বিকেল সোয়া ৫টার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনায় নিহত হন।
নিহত সৈয়দ আহমেদ বিল্লাল উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের রহুল আমীনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। সৌদি আরবের রিয়াদ শহরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা বারবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফ ইসলাম বলেন, সৈয়দ আহমেদ বিল্লাল চার বছর আগে সৌদি আরবের রিয়াদে যায়। কয়েকদিন পর তার দেশে আসার কথা ছিল। সে ছয় বছর বয়সি এক ছেলেসন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন