রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে ভোটের গাড়ির প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ প্রচারণার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণভোটের প্রয়োজনীয়তা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও মজবুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন