লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আল আমিন (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আল আমিন ওই এলাকার আছর মামুদের জামাতা। তিনি ৩০/৩৫ বছর আগে ভারত থেকে বাংলাদেশে এসে গোবিন্দ নাম পরিবর্তন করে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ৩০/৩৫ বছর আগে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী লতাবর গ্রামে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে গোবিন্দ থেকে আল আমিন নামে পরিচিত হন। পরে স্থানীয় আছর মামুদের মেয়েকে বিয়ে কর তার বাড়িতে বসবাস শুরু করেন। সেই থেকে তিনি বাংলাদেশে বসবাস করছেন এবং বাংলাদেশি নাগরিকত্বও রয়েছে তার। আশরাফুল ইসলাম নামে তার এক ছেলে রয়েছে যিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করছেন।
পরিবারের দাবি, কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আল আমিন। সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর ইসলাম বলেন, ধর্মান্তরিত আল আমিন ভারতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশি ভোটার। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
কালীগঞ্জ থানা ওসি আবু সিদ্দিক বলেন, মানসিক সমস্যায় আত্মহত্যা করতে পারেন আল আমিন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন