ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাল দলিল প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে আটক করেছে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার। পরে দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তির নাম মজিবুর রহমান।
জানা যায়, বুধবার ১৪ জানুয়ারি বিকেলে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯ শতক জমির মধ্যে ৩ শতক জমি নিজ সন্তানকে অসিয়তনামা দলিল সম্পাদন করতে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে যান। দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লিখে সাব-রেজিস্ট্রারের কাছে দাখিল করেন।
এ সময় সাব-রেজিস্ট্রারের কাছে দলিলের জাবেদা নকলটি সন্দেহজনক মনে হলে রেকর্ড রুমে তল্লাশি চালানো হয়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তারা জানান, হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আ. রহিমের ছেলে মুজিবুর রহমান ১০ হাজার টাকার বিনিময়ে এ জাবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভুয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলিল তৈরির সঙ্গে জড়িত আরেকজনের নাম প্রকাশ করেন।
তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান জাল দলিল প্রস্তুতকারী চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ প্রসঙ্গে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম বলেন, প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভুয়া প্রমাণিত হলে তাদের জিজ্ঞাসাবাদ করি। তারা দোষ স্বীকার করলে সহকারী কমিশনার (ভূমি) তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন