নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী তাহমিনা জামান নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নিজেদের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
হলফনামা অনুযায়ী, লুৎফুজ্জামান বাবরের হাতে নগদ ও ব্যাংকে জমা রয়েছে ১৩ কোটি ২১ লাখ টাকা, স্বর্ণ ৪০ ভরি, স্থাবর সম্পদ প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ২৩ লাখ টাকা।
এ ছাড়া তার বিরুদ্ধে ১১টি মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশ থেকেই তিনি অব্যাহতি পেয়েছেন বলে দাবি করা হয়েছে। তার চলতি ঋণের পরিমাণ প্রায় ৭ কোটি ৭৭ লাখ টাকা।
অন্যদিকে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া তার স্ত্রী তাহমিনা জামান হলফনামায় উল্লেখ করেছেন, তার কাছে উপহারের ১০০ ভরি স্বর্ণ রয়েছে। এ ছাড়া নগদ অর্থ ও ব্যাংক ব্যালেন্সসহ তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ কোটি ১৫ লাখ টাকা।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে তাহমিনা জামান উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন।
এবার নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন