নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এতে কোনো হতাহত না হলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়। এদিকে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে ঢাকা মেট্রো-গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেট কার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে প্রাইভেট কারটি পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়। তবে, পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক চারপাশে আতঙ্ক ছড়িয়ে পরে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ধারণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পরপর চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন