জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম (৩৫) ও মিঠু আহাম্মেদ নামের দুই ব্যক্তিকে যথাক্রমে ৪৫ দিন ও ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানান্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার সানান্দবাড়ী এলাকায় পৃথক দুই স্থানে বালু উত্তোলনের সময় সানান্দবাড়ী সবুজপাড়া গ্রামের দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও এ সময় অবৈধ বালু উত্তোলনের দুই স্থানে আনুমানিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ ভেঙে দেওয়া হয় এবং মেশিন ও অন্যান্য সামগ্রী অচল করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত দুজনকে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

-20260118205613.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন