ঝালকাঠির নলছিটি উপজেলায় রাস্তা, সেতু ও প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকসহ একাধিক উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। দুই বছর ধরে থেমে থাকা এই কাজের মোট বাজেট ২০০ কোটি টাকার বেশি। স্থানীয়রা সতর্ক করেছেন, বর্ষার আগেই কাজ শেষ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় ৩০টির বেশি ওয়াশব্লক, এলজিইডির অধীনে শিমুলতলা থেকে দরগাহ বাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক এবং ফয়রা এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতু দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।
স্থানীয়রা একাধিকবার এলজিইডিকে কাজ দ্রুত শেষ করার দাবি জানালেও কার্যকর অগ্রগতি হয়নি। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ঠিকাদার মনির হুজুর আত্মগোপনে গেলে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ঠিকাদার নিয়োগ করা হলেও কাজের গতি উল্লেখযোগ্য হয়নি।
ফয়রা গ্রামের চার কোটি টাকার সেতু নির্মাণের কাজও বিলম্বিত। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদার পালিয়ে গেলে এবং হাতবদল হলেও কাজ থেমে থাকায় দুর্ভোগ বেড়েই চলেছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। বিকল্প ঠিকাদারের মাধ্যমে কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছি।
নলছিটি সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, আমি মাত্র ছয় মাস আগে যোগদান করেছি। থেমে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। থেমে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করতে জেলা সমন্বয় সভায় বিষয়টি আলোচনা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন