সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বুধবার রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি দেশের শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
দলীয় সূত্র জানায়, ঐতিহ্যবাহী সিলেট থেকেই এবারের নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সফরকালে তারেক রহমান স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন এবং দলের সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনি কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
তার আগমনকে কেন্দ্র করে সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। মাজার এলাকা ও আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়।
উল্লেখ্য, সিলেট-১ আসনকে বরাবরই ‘ক্ষমতার মর্যাদার আসন’ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার পর থেকে প্রায় সব রাজনৈতিক দলই এই আসন থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করে আসছে। দীর্ঘ ২২ বছর পর সেই ঐতিহ্যবাহী সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত রেওয়াজ অনুযায়ী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। সফরের অংশ হিসেবে তিনি রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গ্রান্ড সিলেটে তরুণদের নিয়ে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর সকাল সাড়ে ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
এ দিন দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এবং একই দিনে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, প্রায় ২২ বছর আগে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। সে সময় বেগম খালেদা জিয়া শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরুর যে ঐতিহ্য গড়ে তুলেছিলেন, এবার তারই ধারাবাহিকতায় সিলেট থেকে প্রচারণা শুরু করলেন তারেক রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন