সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিখোঁজের একদিন পর সবুজ (৩০) নামের এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সবুজ উপজেলার জাহাঙ্গীর গাতি গ্রামের আমিন মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সবুজ বাড়ি থেকে বের হয়ে বোয়ালিয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সেখানে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে বোয়ালিয়া গ্রামের একটি পুকুরপাড়ে সবুজের জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পুকুরে অভিযান চালিয়ে সবুজের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, নিহত সবুজ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ দাফনের অনুমতি প্রদান করেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন