কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের আমলাপাড়া সর্বজনীন পূজা মন্দিরে দেখে যায় নানা চিত্র।
এ মন্দিরে সকাল থেকে চলে নানা আয়োজন। পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে পূজা শুরু করেন। পূজা শেষে হোম অনুষ্ঠিত হয়। এরপর দেবীর নামে উপোসী ভক্তবৃন্দ অঞ্জলি প্রদান করেন। শেষে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেন।
জানা গেছে, শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। শ্রীপঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন প্রচলিত আছে। পঞ্চমী জ্ঞান, শিল্প, সংস্কৃতির প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। পঞ্চমী শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে। এই দিনটি জ্ঞানের দেবী সরস্বতীকে উৎসর্গ করা হয়। দেবীর আশীর্বাদে বিদ্যা, বুদ্ধি, জ্ঞানে পূর্ণতা পাবেন—এমনটিই প্রত্যাশা আয়োজকদের।


