লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মো. রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম এলাকার মো. আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি (বর্ডার আউটপোস্ট)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮০১/১১-এস-এর নিকটবর্তী জমগ্রাম এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন রাশেদুল। এ সময় ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্তে বিএসএফের কড়াকড়ি ও এ ধরনের আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক যুবককে বর্তমানে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন