চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল রি-রোলিং মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে মিলের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মিলের ভেতরে গ্যাস দিয়ে কাটিং কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মিলের ওয়েস্টেজ অংশে থাকা সিসা, তামা, পিতল, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন দাহ্য মালামালে। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর মিল কর্তৃপক্ষসহ আশপাশের এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
মিলের কর্মকর্তা মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, গ্যাস কাটিংয়ের সময় সৃষ্ট আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ থেকে ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন