নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬০০ বস্তা মসুর ডালবাহী একটি ট্রাক ডাকাতির সময় হায়েস মাইক্রোবাসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন হায়েস মাইক্রোবাসচালক সোহেল (৩৫) ও ডাকাত দলের সদস্য ফয়সাল বেপারী (৩৮)।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
ওসি জানান, ফতুল্লার পাগলা এলাকায় শুক্রবার রাতে সংঘটিত এ ঘটনায় শনিবার রাতে ডালবাহী ট্রাকের মালিক ওয়াহিদ মোল্লা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
ওয়াহিদ মোল্লা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার টেকেরহাট শান্তিপুর এলাকার একটি মিল থেকে ‘ক্যাঙারু’ মার্কার ৬০০ বস্তা মসুর ডাল নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬৪৭) চালক সুজন ও হেলপার সরোয়ার আলম সাভারের গাজিন্দা এলাকার উদ্দেশে রওনা হন।
শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৌঁছালে একটি কালো রঙের হায়েস মাইক্রোবাস ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ডাকাত দল ট্রাকটি আটক করে ফতুল্লার পাগলা এলাকায় নিয়ে আসে।
এ সময় ট্রাকচালক পুলিশ দেখে চিৎকার করলে পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটির পিছু নেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মাইক্রোবাসসহ দুজনকে আটক করে। এ সময় ডালভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, ডালবাহী ট্রাকটি ডাকাতদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন