বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পণ্যমূল্য স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনতে হলে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করতে হবে। আমরা চাঁদাবাজদের দূরে ঠেলে দেব না, বরং তাদের বুকে টেনে নিয়ে অন্য কোনো ভালো কাজে যুক্ত করব।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, চব্বিশের এই দুর্গ প্রমাণ করে দিয়েছে এ দেশের তরুণরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। শাসকরা ফাহাদ ও হাদিদের বিদায় করেছে, কিন্তু তাদের রক্তে আজ হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। যারা নারীদের গায়ে হাত তুলছে, তাদের মনে রাখা উচিত তারা নিজেরাও মায়ের গর্ভে জন্ম নিয়েছে। তাদের সম্মান করতে শিখুন। গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে জামায়াত নেতাকর্মীরা মন্দির ও জানমালের পাহারা দিয়েছে এবং অতীতে নির্যাতিত হওয়ার পরও কোনো প্রতিশোধ নেয়নি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, নদী এখন নাব্যহীন, খননের নামে কেবল পয়সা লুট হয়। অথচ এই অঞ্চলের অর্থনীতির প্রাণ হলো নদী। নদীর নব্য ফিরিয়ে আনলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং পণ্যের দাম কমবে। জামায়াত নিজেদের স্বার্থে বা নেতাকর্মীদের পেট ভরার জন্য রাজনীতি করে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশি। আমরা দেশে বেকার রাখতে চাই না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়তে চাই। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক। সেই আলোকেই আমরা দেশ গড়তে। জামায়াতের কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিবগা, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জামায়াত ইসলামের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মো. আফজাল হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম,
জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, জাতীয় নাগরিক পার্টির ইমাম নোমানী রাজু, এবি পার্টির কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদ, শিবিরের ইবি সভাপতি ইউসুফ আলী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কুষ্টিয়া সদস্যসচিব মুস্তাফিজুর রহমান, শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, শিবিরের কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ। পরিচালনা করেন জামায়াতের শহর আমির এনামুল হক।
এর আগে, তিনি হেলিকপ্টারযোগে কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে নামেন। এরপর মঞ্চে উঠে প্রধান অতিথির ভাষণ দেন। সকাল থেকেই জেলার চারটি সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে জনসভাস্থলে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন