নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের তুলনায় বর্তমানে আচরণবিধি মেনে চলার বিষয়ে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। আর এবার আমাদের হাতে আইন-কানুন রয়েছে, অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামও আছে। তাহলে আমরা কেন সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারব না?
তিনি আরও বলেন, গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা স্থানীয় পরিস্থিতি সবচেয়ে ভালো জানেন। এলাকায় কোনো বহিরাগত রয়েছে কি না, কে জীবিত আর কে মারা গেছেন, এসব তথ্য তাদের জানা থাকে। এই স্থানীয় সোর্সগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
একটি ভালো নির্বাচনের জন্য সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে।
তিনি বলেন, যে ব্যালট ভোটার নিজে যাচাই করে দিচ্ছেন না, সেটি গ্রহণযোগ্য হবে না। লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট দিতে হবে। তা না হলে সেই ভোট গণনায় আসবে না।
ইসি আরও বলেন, এটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের বাস্তবায়ন। কোনোভাবেই যেন এটি নষ্ট হতে না দেওয়া হয়।
মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজিবি–৪ ব্যাটালিয়নের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

