মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে টেকেরহাট ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো. তানজিল জানান, ২৭ জানুয়ারি মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী যৌথ বাহিনীর একটি অভিযানিক দল রাজৈর উপজেলার শাখারপাড় আন্দনমোড়ে মাদক কারবারি এনদাল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজৈরের টেকেরহাটের ঘোষালকান্দিতে অভিযান পরিচালনা করে আরও ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৭০৭ পিস ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২৬৫০ টাকা নগদ অর্থ এবং ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩টি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন মেজর আবু সালেহ মো. তানজিল। অভিযানে আরও অংশ নেন লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
আটককৃতরা হলেন—রাজৈরের শাখারপাড় আন্দনমোড় এলাকার জলিল শেখের ছেলে এনদাল শেখ (৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) এবং একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন