ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারে যুক্ত থাকার অভিযোগে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত মঙ্গলবার শাহজাদাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনি প্রচারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি এবং অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ জন্য সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটির কার্যক্রম পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন