ফরিদপুরের ভাঙ্গায় একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় ইউনিয়নের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগে মানিকদহ ইউনিয়নের খাঁ কান্দা নাজিরপুর ও হামিরদী ইউনিয়নের মহেশ্বরদি গ্রামের দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটির জেরে এলাকাভিত্তিক সংঘর্ষের সূত্রপাত। পরে সংঘর্ষটি দুই ইউনিয়নের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে।
দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দুই ছাত্রের কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন