বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়; বরং এতে গুণগত পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরে বহু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই এসেছে, দুর্নীতি বন্ধ করতে পারেনি।
কোনো কোনো সরকারের আমলে বাংলাদেশ বিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবার জনগণের ভোটে ক্ষমতার পরিবর্তন হলে দেশ থেকে দুর্নীতি বন্ধ করার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে।
ডা. তাহের আরও বলেন, ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইসলামী সমমনা দলগুলো একত্র হয়েছে। সারা দেশে এই জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ এবার ভালো ও সৎ নেতৃত্বকে ভোট দিতে প্রস্তুত।
১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল হবে এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবসান ঘটবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।
রোববার (১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, খিরণশাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুল হক, মাওলানা ইকবাল হোসেন সালেহী, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার এবং শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান।
জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, জামায়াত নেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন