ফেনী-২ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে অস্ত্রগুলো দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছিল, সেগুলো এখনো এলাকায় রয়েছে। এসব অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার না করা হলে নির্বাচনি পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সঙ্গে সাক্ষাৎ এবং স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করে বলেন, গত ৩১ জানুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি ঈগল প্রতীকের নির্বাচনি প্রচারণার জন্য একটি ক্যারাভান গাড়ি ব্যবহার করার সময় ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করেন। কারণ জানতে চাইলে তিনি নির্বাচনি বিধিনিষেধের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একই ধরনের গাড়ি ব্যবহার করে ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন প্রমাণ দেখানো সত্ত্বেও বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে ৩০ জানুয়ারি ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় ব্যবহৃত রঙিন ব্যানারের জন্য তাকে জরিমানা করা হয়। অথচ বিএনপির রঙিন ব্যানার থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ধরনের আচরণকে স্পষ্ট পক্ষপাতিত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, একজন প্রার্থী প্রচারণা করতে পারবে, অন্যরা পারবে না এমন বৈষম্য মেনে নেওয়া হবে না। কোনো ভোটারকে হুমকি দেওয়া হলে প্রশাসনকে অবহিত করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন দেশ গড়ার জন্য আন্দোলন করেছি। কিন্তু দুঃখজনকভাবে এখনো প্রশাসনের আচরণে সেই বৈষম্যের চিত্র দেখা যাচ্ছে।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ভোটারদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ভোট চাওয়া হচ্ছে। কিন্তু বিধিনিষেধের মধ্যে আছে কোনোপ্রকার আশ্বাস দেওয়া যাবে না। এসব প্রলোভন দেখে আচরণবিধি লঙ্ঘনকারীদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন