পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, ‘মঙ্গলবার রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত পালিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীদের পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।’
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম জানান, ‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট যেকোনো ধর্মীয় উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত। ফলে সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকে। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচলের ওপর এর কোনো প্রভাব পড়েনি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন