ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালাম মল্লিক বাড়ির ঈদগাহ ময়দানে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠুন। সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার মিঠুন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের সুযোগ করে দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে শিবচরকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবেন বলেও আশ্বাস দেন তিনি।
নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একজন নারী, আপনারাও নারী। আপনাদের সঙ্গে আমি যেভাবে কথা বলতে পারব, অন্য কেউ সেভাবে পারবে না। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন।’
জনসভায় আরও বক্তব্য দেন শিবচর থানা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং থানা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আজমুল হোসেন সেলিম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দেবে।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন