কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি এবং মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
বৃহস্পতিবার রাতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তিনি উপজেলার রামপুর মোড়লবাড়ী এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন শ্রাবণ তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ফিলিং স্টেশনের মালিকের কাছে চাঁদা দাবি করতে থাকেন।
অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন তিনি। এতে ফিলিং স্টেশনের স্বাভাবিক ব্যবসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।
ঘটনার ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে এসে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এছাড়া একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিল্লাল হোসেন শ্রাবণ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ফিলিং স্টেশনের মালিককে ফোন করে গালিগালাজ করেন এবং পুনরায় চাঁদা দিতে চাপ প্রয়োগ করেন। এ সময় আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে তিনি পিস্তল দিয়ে মালিক ও কর্মচারীদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী পক্ষ হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন