আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলায় খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন স্থানে অনুমোদনবিহীনভাবে খোলা বাজারে পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল মজুত ও বিক্রির ঘটনা ঘটছে। এতে জননিরাপত্তা ঝুঁকির পাশাপাশি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব দাহ্য পদার্থ অনিয়ন্ত্রিতভাবে সংরক্ষণ ও বিক্রি করলে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও নাশকতার ঝুঁকি বাড়ে। তাই জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখতে খোলা বাজারে জ্বালানি তেল মজুদ ও বিক্রি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং অন্যান্য প্রযোজ্য আইনে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন