আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে নির্বাচনি মাঠে শক্ত অবস্থান জানান দিতে বিশাল গণমিছিল ও শোডাউন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হওয়া এই বিশাল শোডাউন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মিছিলে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার অংশ নেন। মিছিলজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রার্থী রনি নিজেই মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলটি রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার, বাসস্ট্যান্ড ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় পুরো সড়কে মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এ সময়ে জনগণ নানা ধরনের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে, তাই ভোটার ও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রনি দাবি করেন, গাজীপুর-২ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের আস্থা আগের মতোই অটুট রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জিয়া পরিবার ও বিএনপির প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে গাজীপুরবাসী।
শোডাউনে মহানগর ও থানা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। নির্বাচন ঘিরে এ শোডাউন গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন