অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, অতীতের অনেক সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো।
তিনি বলেন, অতীতে ঈদের সময় পশুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলেও এবার সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হয়নি এবং এ বিষয়ে সরকারের দৃঢ় হস্তক্ষেপ ছিল।
যানজট পরিস্থিতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কোথাও দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হয়নি। কোথাও সামান্য সমস্যা দেখা দিলেও দ্রুত তা সমাধান করা হয়েছে। এবার গণমাধ্যমে এমন কোনো খবর আসেনি যে, যানজটের কারণে কেউ ঈদের দিন সকালে গিয়ে বাস থেকে নেমেছেন। মানুষ নির্ধারিত সময়েই গ্রামের বাড়িতে পৌঁছেছেন, ঈদের নামাজ আদায় করেছেন এবং সময়মতো কোরবানি দিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন