× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদালত প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:০৬ এএম

ডিসি কার্যালয়ের গেট খুলে দেওয়ার দাবি আইনজীবী সমিতির

আদালত প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের মূল ভবনের নিচতলার দক্ষিণ পাশের বন্ধ থাকা গেটগুলো অফিস চলাকালীন সময়ে পুনরায় খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। গেটগুলো তালাবদ্ধ করে ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী, আইনজীবীসহ আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানানো হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে এ আবেদন জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ পাশেই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত অবস্থিত। এর পাশেই ঢাকা আইনজীবী সমিতিসহ অন্যান্য আদালত ভবন রয়েছে। ব্রিটিশ আমল থেকে যুগের পর যুগ ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ পাশের একাধিক গেট দিয়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষ, বিজ্ঞ আইনজীবী এবং আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়মিত যাতায়াত করে আসছেন। পেশাগত কারণে আইনজীবীদের এসব গেট দিয়ে দিনে বহুবার যাতায়াত করতে হয়। কিন্তু হঠাৎ করেই গেটগুলোতে তালা লাগিয়ে এবং ইটের প্রাচীর নির্মাণ করে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

আইনজীবী সমিতি জানিয়েছে, এ সিদ্ধান্তের কারণে প্রবীণ, অসুস্থ এবং হাঁটু ও কোমরব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত বিজ্ঞ আইনজীবী ও বিচারপ্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বর্তমানে বিকল্প পথ হিসেবে মূল সড়কের পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে বয়োবৃদ্ধ ও অসুস্থ মানুষদের চরম কষ্ট হচ্ছে।

আগে যে গেটটি দিয়ে মাত্র ২ থেকে ৩ মিনিটে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পৌঁছানো যেত, এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এর ফলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্টসহ অন্যান্য নির্বাহী কোর্টে যেতেও দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, যা বিচারপ্রার্থী ও আদালত-সংশ্লিষ্টদের মূল্যবান সময় নষ্ট করছে।

চিঠিতে আরও বলা হয়, প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি আইনজীবী সমিতির পূর্ণ সমর্থন রয়েছে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাও প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।

বিজ্ঞ আইনজীবী সমাজ এবং সাধারণ বিচারপ্রার্থীদের মানবিক দিক বিবেচনা করে অন্তত একটি গেট জরুরি ভিত্তিতে পুনরায় খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। এ চিঠির অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), ঢাকাকেও পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!