ফলাফলের তালিকায় ভোট কর্মকর্তাদের অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই আসনের (আংশিক) উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রিসাইডিং অফিসার ফরিদুল আলমের ফলাফলের তালিকায় অগ্রিম সই নেওয়ার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলে বেলা দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।

