জয়লাভ করে নিজ গ্রামের মসজিদে জুমার নামাজের ইমামতি করলেন শেরপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। তিনি নিজেই জুমার খুতবা প্রদান করেন এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে নামাজ পরিচালনা করেন। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি গ্রামবাসী, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ গ্রামের মসজিদে উপস্থিত হয়ে তিনি জুমার নামাজ আদায় করেন।
রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘আমাদের এই বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল। আল্লাহতায়ালা আমাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় দান করেছেন। তাই এই বিজয় নিয়ে অহংকার করার কিছু নেই; বরং এটি আমাদের ওপর একটি বড় আমানত।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিজয়কে পুঁজি করে কেউ যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়। বিশেষ করে এলাকার মানুষের বিরুদ্ধে যেন কেউ কোনো অভিযোগ করার সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
পরিশেষে তিনি সবার কাছে দোয়া চান, যেন আল্লাহ তাকে আমৃত্যু সাধারণ মানুষের সেবক হিসেবে কবুল করেন।
উল্লেখ্য, হাফেজ রাশেদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৭ হাজার ৫২১ ভোট। অপর প্রার্থী স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৬০ হাজার ৩৯৭ ভোট।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন