রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনি ফলে দেখা গেছে, ৯ জন প্রার্থী মোট প্রাপ্ত ভোটের এক অষ্টাংশের কম পেয়েছেন। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানোদের মধ্যে রয়েছেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থীও।
রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোট পড়েছে ২ লাখ ৬৬ হাজার ৩০৬, যেখানে ভোটের অংশগ্রহণের হার ছিল ৬৩.২০ শতাংশ। বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট। জাকের পার্টির মোহাম্মদ আলী কাঞ্চন ও জাতীয় পার্টির হাবিবুর রহমান বাচ্চু যথাক্রমে ৮ হাজার ৮৭ এবং ২ হাজার ৫৮৬ ভোট পান, যা এক অষ্টাংশের কম হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদ ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জামিল হিজাজী পান ৬৭ হাজার ২৯৯ ভোট। এখানে সাত প্রতিদ্বন্দ্বীর কেউই এক অষ্টাংশের ভোট অর্জন করতে পারেননি। বিএনপির বিদ্রোহী প্রার্থী নাসিরুল হক সাবু তৃতীয় অবস্থানেই ৩৬ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন, যা প্রয়োজনীয় সীমার নিচে। ফলে তারও জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন জানান, কোনো প্রার্থী যদি মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পান, তাহলে তিনি নির্বাচন কার্যালয়ে জমা দেওয়া জামানতের অর্থ ফেরত পান না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন