গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া নামে এক যুবক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের আগে রাশেদ তার নিজ বাড়িতে বসে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে নামাজ পড়তে গিয়েছিলেন।
এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুধ রাখা অ্যালুমিনিয়ামের একটি বড় পাত্রের মধ্যে রাশেদ বসে আছেন। সেখানে তার মা মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালছেন। এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ দাড়িয়া (৩৫) কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। তিনি বলেন, আমি ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এই জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। এই দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।
রাশেদ আরও বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এই জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।
এ দিকে রাশেদের এই জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধারদেনা হয়ে দীর্ঘ দিন ধরে হতাশায় ভুগছে। এখন জুয়া ছেড়ে দিয়ে বিদেশ যাচ্ছে। তার মঙ্গল হোক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন